কলমাকান্দায় পারিবারিক জমি বিরোধে বড় ভাইয়ের প্রাণহানি
- আপডেট সময় : ০২:০১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ২১১৩ বার পড়া হয়েছে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পৈত্রিক জমির মাপামাপি ও সীমানা নির্ধারণকে কেন্দ্র করে বিরোধের জেরে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. মোশাররফ হোসেন (৪৬) নাজিরপুর গ্রামের মৃত জুলমত আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মোশাররফ হোসেনের সঙ্গে তার ছোট ভাই মো. মোজাম্মেল হোসেনের পৈত্রিক জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শুক্রবার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমি মাপামাপি শুরু হয়। এ সময় সীমানা নির্ধারণ নিয়ে দু’ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে মোজাম্মেল হোসেন তার বড় ভাইকে ধাক্কা দেন। এতে মোশাররফ মাটিতে পড়ে অসুস্থ হয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিক হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহত মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং চিকিৎসার জন্য তিনি আগে দেশের বাইরে গিয়েছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।






















