ট্রাম্প নতুন জাতিসংঘ গঠনের পরিকল্পনা করছেন: ব্রাজিলের প্রেসিডেন্ট
- আপডেট সময় : ০৪:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ২০৯৩ বার পড়া হয়েছে
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরিবর্তে নিজস্ব আন্তর্জাতিক সংস্থা গঠনের চেষ্টা করছেন। এই মন্তব্য তিনি ট্রাম্পের গাজা ‘শান্তি পর্ষদ’ উদ্যোগকে সমালোচনা করে করেছেন।
গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ৫৬তম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ফাঁকে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদ প্রতিষ্ঠার সনদে সই করেন। এতে বিশ্বের আরও ১৯ দেশের নেতা অংশ নেন, যার মধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও রয়েছেন।
লুলা শুক্রবার (২৩ জানুয়ারি) এক বার্তায় বলেন, “জাতিসংঘকে ঠিক করার বদলে ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরি করতে চাইছেন, যেখানে একমাত্র তিনিই প্রধান থাকবেন। এছাড়া তিনি ‘টুইটারের মাধ্যমে বিশ্ব শাসন করতে চান’। প্রতিদিন তার একাধিক বিবৃতি বিশ্বব্যাপী আলোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে।”
এর আগে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে আলোচনা করেন এবং উভয় নেতা জাতিসংঘের আসল লক্ষ্য ও উদ্দেশ্য রক্ষা করার ওপর গুরুত্বারোপ করেন।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে দেশটি বেরিয়ে গেছে, যার মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও অন্তর্ভুক্ত। তিনি ‘আমেরিকা ফার্স্ট’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে শুল্ক ও সামরিক হুমকির মতো পদক্ষেপ নিয়েছেন, যা দেশটির মিত্রদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।



























