চাঁদাবাজি ভিক্ষার চেয়ে নিকৃষ্ট: জামায়াত আমির
- আপডেট সময় : ০২:০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ২০৯২ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজিত জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সকাল থেকেই ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যাত্রাবাড়ীতে জড়ো হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার যাত্রাবাড়ী এলাকায় জনসমাগম বাড়তে থাকে।
দুপুর ১২টার দিকে সমাবেশ মঞ্চে উপস্থিত হন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। তিনি হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশে আর ফ্যাসিবাদ দেখতে চান না জনগণ। যারা জনতার মনের ভাষা বুঝতে ব্যর্থ হচ্ছে, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ তাদের সেই ভাষা বুঝিয়ে দেবে।
ডা. শফিকুর রহমান বলেন, ‘হ্যাঁ’ মানে আজাদি আর ‘না’ মানে গোলামি। ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলতে হলে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে।
চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, চাঁদাবাজি ভিক্ষার চেয়েও নিকৃষ্ট কাজ। জামায়াত নিজে চাঁদাবাজি করবে না, কাউকেও করতে দেবে না।
নারীদের ভূমিকার কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, নারীদের উপেক্ষা করে দেশের উন্নয়ন সম্ভব নয়। জামায়াত সরকার গঠন করলে নারীদের নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ঘরে ও বাইরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। কর্মজীবী নারীদের জন্য ইভনিং বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
সমাবেশে তিনি অভিযোগ করেন, কেউ কেউ পরাজয়ের আশঙ্কায় অবৈধ পথে এগোনোর চেষ্টা করছে। এ বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে ডা. শফিকুর রহমান বলেন, ভোট ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা হলে তার পরিণতি ভয়াবহ হবে।




























