ফ্যামিলি কার্ডের নামে বিএনপি প্রতারণা ও আচরণবিধি লঙ্ঘন করছে : গোলাম পরওয়ার
- আপডেট সময় : ০৩:০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ২১০৩ বার পড়া হয়েছে
খুলনা-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বিএনপি ভোটারদের সমর্থন আদায়ের নামে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করছে এবং প্রকাশ্যেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে। তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
রোববার (২৫ জানুয়ারি) সকালে ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের শলুয়া বাজারে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় গোলাম পরওয়ার বলেন, ৫ আগস্টের পর যারা চাঁদাবাজি ও দখলের সঙ্গে জড়িত ছিল, তারাই এখন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার কথা বলে ভোট চাইছে।
তিনি আরও বলেন, দেশের মানুষ পরিবর্তনে বিশ্বাস রাখে। সেই বিশ্বাসকে সামনে রেখে ৫ আগস্টের অভ্যুত্থানের নেতৃত্বদাতা এনসিপি, পাঁচটি ইসলামী দল ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শক্তিগুলো একত্র হয়ে দাঁড়িপাল্লা প্রতীকের মাধ্যমে পরিবর্তনের পক্ষে গণরায় গড়ে তুলবে।
পথসভা শেষে গোলাম পরওয়ার জোটের প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ করেন।




























