আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে তা গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের
- আপডেট সময় : ০৫:৩৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ২০৯১ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগ ভোটে না থাকায় সার্বিকভাবে এই নির্বাচন কখনোই অন্তর্ভুক্তিমূলক বা গ্রহণযোগ্য হবে না।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর সেনাপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
জি এম কাদের বলেন, “নির্বাচনকালীন সময় আমি নিরাপত্তা পেলেও আমার দলের কর্মী ও ভোটাররা নিরাপদ নয়। সরকার একটি বিশেষ দলকে সুবিধা দিচ্ছে। তাই এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। আমাদের প্রার্থীরা ভোটের মাঠে হুমকির মুখে পড়ছেন, অথচ নির্বাচন কমিশন নির্বিকার ভূমিকা পালন করছে।”
তিনি আরও অভিযোগ করেন, একপক্ষীয় চাপ সৃষ্টি করে জনগণকে “হ্যাঁ” ভোট দিতে বাধ্য করা হচ্ছে। তবে, “হ্যাঁ” ভোট পাস হলে সংসদ সার্বভৌম স্বাধীন থাকবে না। দেশের স্বার্থে তাই জাপা এই ভোটে অংশ নিচ্ছে বলে জানান তিনি।
এছাড়া, কাদের দেশের ক্রিকেট খাত ধ্বংসের জন্য সরকারের প্রতি দুঃখ প্রকাশ করেন এবং যশোরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “কোনো দলের লোককে লক্ষ্য করে তাদের পরিবারকে হত্যার হুমকি দেওয়া কখনো গ্রহণযোগ্য নয়।”
তিনি উল্লেখ করেন, এই নির্বাচনে জাপার প্রতি জনগণের সাড়া এখন পর্যন্ত অভূতপূর্ব। তিন দিনের নির্বাচনী প্রচার-প্রচারণার সফর শেষে রংপুর-৩ থেকে আজ বিকেলে ঢাকায় ফিরবেন জাপা চেয়ারম্যান।




























