১১ দলীয় জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন—জানালেন রাশেদ প্রধান
- আপডেট সময় : ১২:৫১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / ২১০৪ বার পড়া হয়েছে
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধান বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট ক্ষমতায় এলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন।
সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাশেদ প্রধান বলেন, “একাত্তর থেকে ২০২৬ পর্যন্ত বহু নেতা, বহু দল ও বহু সরকার দেখেছি। এবার আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চাই। এবার দাঁড়িপাল্লার বিজয় দেখতে চাই এবং ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।”
কুষ্টিয়ার ওই জনসভায় ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “যে নতুন প্রধানমন্ত্রী আসতে যাচ্ছেন, তাকে আপনারা পছন্দ করেছেন কি না—এই প্রশ্নের উত্তর আপনারাই দিয়েছেন। ইনশাআল্লাহ মহান আল্লাহও কবুল করেছেন। তাই আগামী ১২ তারিখের পর আমাদের নতুন প্রধানমন্ত্রীর নাম হবে ডা. শফিকুর রহমান।”
তিনি দাবি করেন, ১১ দলীয় জোটের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। সরকার গঠনের জন্য কমপক্ষে ১৫১টি আসনের প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, কুষ্টিয়ার চারটি আসনের সবকটিই জোটের দখলে আনার লক্ষ্য রয়েছে।
রাশেদ প্রধান আরও বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় এলে তারা শাসক নয়, বরং জনগণের সেবক হিসেবে দেশ পরিচালনা করবে।




























