ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, একজন কারাগারে
- আপডেট সময় : ০২:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / ২০৮৩ বার পড়া হয়েছে
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে আলোচিত রাসেল আহমেদ হত্যা মামলায় একজনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম আল মামুন সত্তার। তিনি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার কুমদপুর গ্রামের মৃত একরাম হোসেন সওদাগরের ছেলে।
র্যাব জানায়, রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দনিয়া পূর্ব রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে আজমিরীগঞ্জ থানা পুলিশ তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
র্যাবের তথ্যমতে, নিহত রাসেল আহমেদ আজমিরীগঞ্জ থানার কুমেদপুর এলাকার বাসিন্দা। গত বছরের ৯ ডিসেম্বর একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এর জেরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে রাসেল ও তার পরিবারের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।
একপর্যায়ে রাসেল আহমেদকে ঘেরাও করে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে আজমিরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত রাসেলের ভাই বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।






















