আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, এটি মাফিয়া শক্তি: সালাহউদ্দিন আহমেদ
- আপডেট সময় : ০২:২৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / ২০৮৭ বার পড়া হয়েছে
কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ কোনো প্রকৃত রাজনৈতিক দল নয়; এটি একটি গণহত্যাকারী, ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তিতে পরিণত হয়েছে। তিনি দাবি করেন, দলটির কখনোই গণতান্ত্রিক রাজনৈতিক চরিত্র ছিল না।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলার দুর্গম বমুবিলছড়ি এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাদের প্রতি আহ্বান—স্বাধীনতাপন্থী শক্তির পাশে দাঁড়ান। তার ভাষায়, আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেনি; বরং দেশকে ভারতের করদ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ নেতৃত্ব দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, যারা আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তাদের ভুল এখন উপলব্ধি করার সুযোগ এসেছে। ভবিষ্যতে তারা বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস রাখবেন—এটাই প্রত্যাশা।
সালাহউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনা দেশ ছাড়লেও তার সব নেতা-কর্মী দেশ ত্যাগ করতে পারেননি। দেশে অবস্থানরত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা চাইলে বৈধ রাজনীতি করতে পারেন, যা তাদের ব্যক্তিগত অধিকার।
এ সময় তিনি ধর্মকে ব্যবহার করে ভোট চাওয়ার সমালোচনা করে বলেন, “কেউ কেউ জান্নাতের প্রলোভন দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
বক্তব্যের শেষে তিনি দেশের উন্নয়ন, নিরাপত্তা ও গণতন্ত্র সুসংহত করার লক্ষ্যে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপির আয়োজিত এই জনসভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




























