যুক্তরাষ্ট্রে তীব্র তুষারঝড়ের প্রভাবে অন্তত ১৪ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:৪৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / ২১০১ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড় ও তীব্র শীতের কারণে ব্যাপক মানবিক সংকট দেখা দিয়েছে। বৈরী আবহাওয়ার প্রভাবে এখন পর্যন্ত এক কিশোরীসহ অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ঝড় ও তুষারপাতের কারণে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে প্রায় ৮ লাখ ৬০ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে সিএনএন ও বিবিসিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইলিনয়েস, ওহিও, ইন্ডিয়ানা, কানসাস, নিউজার্সি, নিউইয়র্ক, পেনসিলভেনিয়া, মিসৌরি, ওকলাহোমা, টেক্সাস, টেনেসিসসহ অন্তত ১৫টি অঙ্গরাজ্যের বিস্তীর্ণ এলাকা তুষারে আচ্ছাদিত হয়ে গেছে।
এদিকে ক্যারোলাইনা অঞ্চলসহ মধ্য আটলান্টিকের কয়েকটি রাজ্যে তুষারপাতের পাশাপাশি বরফশীতল বৃষ্টিও শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর শীতকালীন সতর্কতা জারি করেছে, যার আওতায় পড়েছেন প্রায় ১৮ কোটি ৫০ লাখ মানুষ।
প্রতিকূল আবহাওয়ার কারণে বিভিন্ন অঙ্গরাজ্যে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সেগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ জনগণকে ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া বৈরী আবহাওয়ার প্রভাবে যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দেশটির বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গত রোববার বিভিন্ন মার্কিন বিমানবন্দরে ১৭ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। করোনা মহামারির পর এই প্রথম এক দিনে এত বেশি সংখ্যক ফ্লাইট বাতিলের ঘটনা ঘটল যুক্তরাষ্ট্রে।



























