দেশে জনসমর্থন না থাকায় দিল্লিতে সংবাদ সম্মেলন করছে আওয়ামী লীগ: স্বরাষ্ট্র উপদেষ্টা
- আপডেট সময় : ০১:৪২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / ২১০০ বার পড়া হয়েছে
দিল্লিতে শেখ হাসিনার দেওয়া বক্তব্য বাংলাদেশের আসন্ন নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশে আওয়ামী লীগের উল্লেখযোগ্য কোনো সমর্থক না থাকায় দলটির নেতাকর্মীরা দিল্লিতে সংবাদ সম্মেলন করতে বাধ্য হচ্ছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচের মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে দেশে নির্বাচন ভণ্ডুল হওয়ার কিংবা কোনো অস্থিরতা তৈরির আশঙ্কা নেই। এসব বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে কোনো প্রভাব ফেলবে না।’
এ সময় দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফিরে আসার আহ্বান জানান তিনি।
কারাগারের অবকাঠামো প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বর্তমানে কারাগারে পর্যাপ্ত জায়গা নেই। এ সংকট নিরসনে শিগগিরই নতুন কারাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’
নিয়োগ প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হওয়া নিয়োগ নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।’
এর আগে প্রধান অতিথি হিসেবে প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে স্বাগত জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তিনি নবীন প্রশিক্ষণার্থীদের সশস্ত্র সালাম ও অভিবাদন গ্রহণ করেন।
অনুষ্ঠানে নবীন কারারক্ষীদের শারীরিক কসরত ও অস্ত্রবিহীন আত্মরক্ষার কৌশলের প্রদর্শনী উপভোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এ সময় অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তাফা কামাল, কর্নেল মো. তানভীর হোসেন, কর্নেল মেছবাহুল আলম সেলি, কর্নেল মো. জাহাঙ্গীর কবির, প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট টিপু সুলতানসহ গাজীপুর মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর শুরু হওয়া এই বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে মোট ৮৬৬ জন কারারক্ষী ও মহিলা কারারক্ষী অংশগ্রহণ করেন।


























