বাংলাদেশ নিয়ে আইসিসির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের
- আপডেট সময় : ০২:৫৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / ২০৯৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ ক্রিকেট দলকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরায় ১১ দলের নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অনুরোধ জানান।
ডা. শফিকুর রহমান বলেন, সাতক্ষীরার মানুষ একজন ক্রিকেটারের কারণে গর্বিত। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সুনাম অর্জন করা মোস্তাফিজুর রহমানকে পার্শ্ববর্তী দেশের একটি প্রিমিয়ার লিগে খেলতে না দেওয়া দেশ ও ক্রিকেটের জন্য চরম অপমানের শামিল।
তিনি আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে গিয়ে শ্রীলঙ্কায় টুর্নামেন্ট আয়োজনের দাবি জানালেও আইসিসি শেষ পর্যন্ত পুরো দলকেই বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এখনো সময় রয়েছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার। অতীতে বিভিন্ন দেশের আবেদন আইসিসি গ্রহণ করেছে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন—অন্যদের ক্ষেত্রে হলে বাংলাদেশের জন্য কেন নয়?
বাংলাদেশের স্বার্থকে সর্বাগ্রে রাখার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চান তারা। তবে পারস্পরিক সম্মান ও উত্তম আচরণ প্রত্যাশা করেন বলেও উল্লেখ করেন তিনি।
নারীদের মর্যাদা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, প্রতিটি নারীই সম্মানের যোগ্য। প্রত্যেক নারীকে মায়ের মর্যাদায় দেখার আহ্বান জানান তিনি।
যুবকদের বিষয়ে তিনি বলেন, তরুণদের বেকারত্বের বোঝা চাপিয়ে দেওয়া হবে না। যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের দেশের প্রয়োজনে দায়িত্বশীল ও মর্যাদাপূর্ণ কাজে যুক্ত করা হবে।
সমাবেশে তিনি আরও বলেন, বাংলাদেশকে কীভাবে মর্যাদার সঙ্গে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করা যায়—সেই স্বপ্ন বাস্তবায়নই তাদের লক্ষ্য। ইনসাফভিত্তিক ও নৈতিক মূল্যবোধের আলোকে দেশ গড়ার অঙ্গীকারের কথাও তুলে ধরেন জামায়াত আমির।




























