বিএনপি প্রতিপক্ষের সঙ্গে বিবাদে যাবে না: মির্জা আব্বাস
- আপডেট সময় : ০২:০১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / ২০৯২ বার পড়া হয়েছে
ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি কোনোভাবেই প্রতিপক্ষের সঙ্গে বিবাদে জড়াবে না। তিনি দাবি করেন, বিজয় এখন বিএনপির দ্বারপ্রান্তে এবং এই বিজয় যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাব মাঠে আয়োজিত এক গণজমায়েতে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে উস্কানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
মির্জা আব্বাস বলেন, একটি মহল অসাধু উদ্দেশ্যে বাংলাদেশকে পরাধীন করে রাখার ষড়যন্ত্র করছে। তবে আগামী ১২ তারিখের ভোটের মাধ্যমে জনগণ এর জবাব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, বিএনপির সামনে কোনো দল টিকে থাকতে পারবে না—এটি ইতিহাস থেকেই শিক্ষা নেওয়ার বিষয়। বিএনপির কর্মীরা কখনোই অশৃঙ্খল নন বলেও দাবি করেন তিনি।
বিএনপিকে হেয় করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, যাদের নির্বাচনী অভিজ্ঞতা নেই, তারাই বিএনপিকে অপমান করার চেষ্টা করছে। তিনি বলেন, নির্বাচন অবশ্যই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, তবে তা হতে হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কিছু লোক শ্রদ্ধাহীন ভাষায় কথা বলছে, যা রাজনীতির শালীনতার পরিপন্থী।



























