সাবেক আইজিপি বেনজীর আহমেদের ‘ক্যাশিয়ার’ রিফাত নিলয় গ্রেফতার
- আপডেট সময় : ০৬:৪৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / ২০৯৬ বার পড়া হয়েছে
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত রিফাত নিলয় জোয়ার্দারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রিফাত নিলয়ের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।
ডিবি সূত্রে জানা গেছে, জুলাই মাসে সংঘটিত আন্দোলন দমনে অর্থের যোগান দেওয়ার অভিযোগ রয়েছে রিফাত নিলয় জোয়ার্দারের বিরুদ্ধে। তদন্তে উঠে এসেছে, আন্দোলন চলাকালে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে তা নির্দিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার কাজে তিনি যুক্ত ছিলেন। একাধিক হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও দীর্ঘদিন তিনি প্রকাশ্যে চলাফেরা করছিলেন বলেও দাবি করা হয়।
এছাড়া সাবেক স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান মনিরুল ইসলাম ও সাবেক আইজিপি বেনজীর আহমেদের দখলে থাকা ঢাকা শহরের একাধিক ফ্ল্যাট রিফাত নিলয়ের তত্ত্বাবধানে ছিল বলে অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এসব ফ্ল্যাট ভাড়া দিয়ে প্রতি মাসে ভাড়ার টাকা সংগ্রহ করতেন রিফাত নিলয়। পরে সেই অর্থ বেনজীর আহমেদ ও মনিরুল ইসলামের কাছে পৌঁছে দেওয়া হতো।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, গ্রেফতারের পর রিফাত নিলয়ের আর্থিক লেনদেন, সম্পত্তি ব্যবস্থাপনা এবং আন্দোলন দমনে অর্থায়নের নেটওয়ার্ক খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিবি সূত্র আরও জানিয়েছে, এই গ্রেফতারের মাধ্যমে সাবেক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক অনিয়ম ও অবৈধ সম্পদ ব্যবস্থাপনার একটি বড় চিত্র সামনে আসতে পারে বলে ধারণা করছে তদন্ত সংস্থা।



























