জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণ হত্যার অভিযোগ: হাসিনা-কামালসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০১:১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ২১৩০ বার পড়া হয়েছে
রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’তে কথিত ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়।
অভিযোগপত্রে আসামি করা হয়েছে সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামসহ মোট আটজনকে।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরের ‘জাহাজবাড়ি’ নামের একটি বাসায় ৯ তরুণকে আটক করে রাখা হয়। পরবর্তীতে সোয়াত ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট সেখানে অভিযান চালিয়ে বাসার ভেতরে গুলি করে তাদের হত্যা করে। পরে এ ঘটনাকে ‘জঙ্গি আস্তানায় অভিযান’ হিসেবে প্রচার করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, তৎকালীন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভয়ের সংস্কৃতি তৈরির উদ্দেশ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটান। নিহত তরুণদের দেশের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছিল; তাদের মধ্যে কয়েকজনকে দুই থেকে তিন মাস ধরে ডিবি হেফাজতে রাখা হয়। পরে রাতের আঁধারে ব্লক রেইডের আড়ালে তাদের কল্যাণপুরের ওই বাসায় নেওয়া হয় এবং সেখানে হত্যা করা হয়।
প্রসিকিউশন দাবি করে, ওই সময় এ ধরনের ‘জঙ্গি নাটক’ নিয়মিত ঘটনায় পরিণত হয়েছিল। ইসলামিক ভাবধারার মানুষদের জঙ্গি হিসেবে চিহ্নিত করে হত্যা করে দেশে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হয়।


























