চীনের সঙ্গে সম্পর্ক না রাখা বোকামি হবে : ব্রিটিশ প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ২০৮৮ বার পড়া হয়েছে
গ্রিনল্যান্ড ও শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের চাপের প্রেক্ষাপটে চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার গুরুত্বের কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, চীনের সঙ্গে সম্পর্ক না রাখা হবে ‘বোকামি’।
স্থানীয় সময় শুক্রবার চীনের সাংহাইয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টারমার এ মন্তব্য করেন। চীন বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ সরাসরি যুক্তরাজ্যের অভ্যন্তরীণ পরিস্থিতিতে প্রভাব ফেলছে। অস্থির বৈশ্বিক বাস্তবতায় যুক্ত থাকা ছাড়া বিকল্প নেই।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প চীনের সঙ্গে যুক্তরাজ্যের ব্যবসায়িক সম্পর্ককে ‘ঝুঁকিপূর্ণ’ বলে মন্তব্য করেন। এ বিষয়ে স্টারমার বলেন, ট্রাম্পের মন্তব্য তিনি লক্ষ্য করেছেন এবং এই সফরের আগে যুক্তরাষ্ট্রের টিমের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আরও জানান, ট্রাম্প নিজেও আগামী এপ্রিল মাসে চীন সফরে যেতে পারেন।
স্টারমার বলেন, আন্তর্জাতিক অঙ্গনে যা ঘটছে, তার প্রভাব সরাসরি দেশের অর্থনীতি ও সমাজে পড়ে। সে কারণেই কৌশলগতভাবে যুক্ত থাকা জরুরি।
এদিকে, বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে যুক্তরাজ্য ও চীনের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা বলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ক্রিস্টোফার পিসারিদিস।



























