চৌদ্দগ্রামে বিএনপি–জামায়াত সংঘর্ষে ১০ জন আহত
- আপডেট সময় : ০৬:৫০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ২১১২ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সমাবেশ শেষে ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা বিএনপির এক সহসভাপতিসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার (আজ) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘী ইউনিয়নের হাটবাইর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত জনসভায় বক্তব্য দেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ শেষে নেতাকর্মীরা বাড়ি ফেরার সময় হাটবাইর এলাকায় বিএনপি ও জামায়াতের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, সমাবেশ শেষে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে জামায়াতের তিন কর্মী আহত হন।
অন্যদিকে বিএনপির দাবি, সমাবেশ শেষে ফেরার সময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হাটবাইর গ্রামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজান খানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে উপজেলা বিএনপির সহসভাপতি সোলেমান চৌধুরী ও তাঁর গাড়িচালক মামুন আহত হন। এছাড়া জামায়াতের কর্মী রবিউল হোসেন রকি, জাকারিয়া রাসেল ও মিলন আহত হন। আহতদের স্থানীয়দের সহায়তায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন অভিযোগ করে বলেন, বিএনপি নেতা মিজান খান, গাজী ইয়াছিন ও মোবারক চৌধুরীর নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।
চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম রাজু বলেন, জামায়াতের হামলায় বিএনপির অন্তত সাতজন নেতাকর্মী আহত হয়েছেন।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক ছানা উল্লাহ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




























