নির্বাচনের পরই জোটের পরিণতি স্পষ্ট হবে: নাহিদ
- আপডেট সময় : ০১:০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১১৭ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ থাকবে এবং আধিপত্যবাদবিরোধী শক্তি হিসেবে সবাই একসঙ্গে কাজ করবে। জোটের ভবিষ্যৎ কী হবে, তা নির্বাচন-পরবর্তী পরিস্থিতির ওপর নির্ভর করবে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সাঈদনগর এলাকায় ঢাকা-১১ আসনে নির্বাচনী প্রচারণা চালানোর সময় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, এবারের নির্বাচনে সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই। তিনি বলেন, “প্রতিকূল পরিস্থিতির মধ্যেই আমাদের প্রচারণা চালাতে হচ্ছে। তবে স্বল্প সময়ের মধ্যেই জনগণের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।”
১১ দলীয় জোট নিয়ে জনসমর্থন অভূতপূর্ব উল্লেখ করে তিনি বলেন, “মানুষ এই জোটকে আলাদা আলাদা দলের সমষ্টি হিসেবে দেখছে না, বরং একটি ঐক্যবদ্ধ ১১ দলীয় জোট হিসেবেই দেখছে। যেহেতু নির্বাচন পর্যন্ত জোট রয়েছে, তাই সবাই একসঙ্গে আধিপত্যবাদবিরোধী শক্তি হিসেবে কাজ করব। জোটের পরিণতি কী হবে, তা নির্বাচনের পর দেখা যাবে।”
এ সময় তিনি নির্বাচিত হলে ঢাকা-১১ আসনের অবকাঠামোগত সমস্যা ও দীর্ঘদিনের গ্যাস সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।




























