পটুয়াখালীতে ঘোড়া ও ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫
- আপডেট সময় : ০৭:১৬:২২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১০৪ বার পড়া হয়েছে
পটুয়াখালীর গলাচিপায় মিছিলকে কেন্দ্র করে ঘোড়া ও ট্রাক প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩ নম্বর চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের জোট প্রার্থী নুরুল হক নূর ও বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নুরুল হক নূরের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. আবু নাঈম জানান, শনিবার রাতে হাসান মামুনের সমর্থকরা ঘোড়া প্রতীকের মিছিল নিয়ে ডাকুয়া এলাকায় প্রবেশ করলে সেখানে অবস্থানরত ট্রাক প্রতীকের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় উস্কানিমূলক স্লোগান ও হামলায় মো. আলতাফ প্যাদা (৪০), মো. ফিরোজ খান (৩৫), মো. মাহাতাব খান (৩৭)সহ আটজন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অন্যদিকে, হাসান মামুনের সমর্থক মো. মারুফ (২৩) অভিযোগ করেন, তারা ঘোড়া প্রতীকের মিছিল শেষে বাড়ি ফেরার পথে ট্রাক প্রতীকের সমর্থকদের হামলার শিকার হন। এতে তাদের পক্ষের অন্তত সাতজন আহত হন। গুরুতর আহত জায়েদ মাহমুদ সাআদ (২৩) ও মো. ওয়াজিব হাওলাদারকে (২৪) গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।






















