তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৬
- আপডেট সময় : ০৭:৩২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯৩ বার পড়া হয়েছে
পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তুরস্কের দক্ষিণাঞ্চলে রবিবার অন্তত ১৬ জন নিহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
আন্তালিয়া শহরের কাছে একটি মহাসড়কে ঘটে যাওয়া দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন এবং আহত হন অন্তত ২৫ জন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আন্তালিয়া প্রদেশের গভর্নর হুলুসি শাহিন।
এদিকে, আন্তালিয়া থেকে ইসপার্তা যাওয়ার পথে বুরদুর এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। দেশটির বার্তা সংস্থা ডিএইচএ এ তথ্য নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষ জানায়, পশ্চিমাঞ্চলীয় শহর তেকিরদাগ থেকে আন্তালিয়ার উদ্দেশে যাত্রা করা বাসটিতে মোট ৩৪ জন যাত্রী ছিলেন। তবে দুর্ঘটনায় কোনো বিদেশি নাগরিক হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
গভর্নর হুলুসি শাহিন জানান, দুর্ঘটনাস্থলটি এমন একটি বাঁক, যেখানে দ্রুতগতিতে যান চলাচল ঝুঁকিপূর্ণ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটি অতিরিক্ত গতিতে ওই মোড়ে প্রবেশ করেছিল। পাশাপাশি বৃষ্টির কারণে সড়কটি পিচ্ছিল হয়ে পড়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।
উল্লেখ্য, আন্তালিয়া তুরস্কের একটি জনপ্রিয় উপকূলীয় পর্যটন অঞ্চল। প্রতিবছর বিপুলসংখ্যক বিদেশি পর্যটক এই অঞ্চলে ভ্রমণে আসেন।



























