র্যাবের নাম বদলাতে যাচ্ছে সরকার
- আপডেট সময় : ০২:২২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১২৮ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, র্যাবের নাম ও কার্যক্রম নিয়ে জনগণের মধ্যে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ছিল। এসব বিবেচনায় নিয়ে বাহিনীর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাম পরিবর্তনের পাশাপাশি বাহিনীর পোশাক ও কার্যপরিধিতেও পরিবর্তন আনা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, পুলিশের মনোবল ও কর্মক্ষমতা আগের তুলনায় বেড়েছে। আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো সমস্যা হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, ‘মব কালচার’ থেকে বেরিয়ে আসতে কিছুটা সময় লেগেছে, তবে আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
এদিকে ব্রিফিংয়ে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের সময়ে সেনাবাহিনীর মাধ্যমে এ পর্যন্ত ৭ হাজার ৭৩১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, র্যাব গঠিত হয় ২০০৪ সালের ২৬ মার্চ এবং একই বছরের ১৪ এপ্রিল বাহিনীটি কার্যক্রম শুরু করে। দ্য আর্মড পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৯ (সংশোধনী ২০০৪) অনুযায়ী বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার ও ভিডিপি, বর্ডার গার্ড বাংলাদেশ এবং কোস্ট গার্ডের সদস্যদের সমন্বয়ে র্যাব গঠন করা হয়। বাহিনীটির সদর দপ্তর ঢাকার উত্তরায় অবস্থিত।


























