‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোটের আহ্বান আ. লীগ নেতাদের
- আপডেট সময় : ০১:৩৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮৮ বার পড়া হয়েছে
মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের পক্ষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন আওয়ামী লীগের কয়েকজন নেতা। মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার খান বাড়িতে আয়োজিত এক উঠান বৈঠকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পলাতক থাকা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচিত অন্তত ২০ জন নেতাকর্মী ওই উঠান বৈঠকে উপস্থিত হন। তারা বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের পক্ষে সমর্থন জানিয়ে বক্তব্য দেন।
আওয়ামী লীগের এসব নেতার দাবি, সাবেক চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটনের নির্দেশে তারা ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। বিষয়টি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।
বিএনপির দলীয় সূত্র জানায়, গত সোমবার থেকে নাদিরা আক্তার আওয়ামী লীগের কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে একাধিক উঠান বৈঠক করে আসছেন। মঙ্গলবার সন্ধ্যার বৈঠকটি ছিল বড় পরিসরের। এতে আওয়ামী লীগ ও বিএনপির নেতারা একই মঞ্চে পাশাপাশি বসে অংশ নেন।
পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, সদস্য আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সদস্যসচিব আজমল খানসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব সোহল রানা।
বৈঠকে আওয়ামী লীগের পক্ষে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, কাঁঠালবাড়ি ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাহার ব্যাপারী, উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াস পাশা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলরসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
উঠান বৈঠকে শিবচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান বক্তব্য দেন। প্রায় তিন মিনিটের বক্তব্য শেষে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন এবং ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।
বৈঠকে বক্তব্যে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে শিবচরের উন্নয়ন করা হবে। তিনি নির্বাচনের পর কারও বিরুদ্ধে মিথ্যা মামলা বা অযথা হয়রানি করা হবে না বলেও আশ্বাস দেন।






















