হত্যার ৫০ দিনেও বিচার নেই: যমুনার সামনে হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চের কর্মসূচি
- আপডেট সময় : ০৭:৫০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯৭ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার ও জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও হাদির পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে তারা যমুনার সামনে অবস্থান নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, নিহত শরীফ ওসমান হাদির স্ত্রী এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।
অবস্থান কর্মসূচি সম্পর্কে ফাতিমা তাসনিম জুমা গণমাধ্যমকে জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে তারা যমুনার সামনে অবস্থান নিয়েছেন। তিনি অভিযোগ করেন, সরকার, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে ইনকিলাব মঞ্চ সর্বাত্মক সহযোগিতা করে আসলেও হাদি হত্যার বিচারের প্রশ্নে সংগঠনটি প্রত্যাশিত সহযোগিতা পাচ্ছে না।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।
এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরবর্তীতে হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।




























