স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীর চার আঙুল বিচ্ছিন্ন, আরেক নারীর কবজি কাটা
- আপডেট সময় : ০১:৩৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১১৯ বার পড়া হয়েছে
ফেনীতে দাম্পত্য কলহের জেরে স্ত্রী ও তাঁর এক বান্ধবীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগে মোহাম্মদ সুজন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতের এ ঘটনা ঘটে শহরের আদালতপাড়া খাজুরিয়া এলাকায়।
আহতরা হলেন সুজনের স্ত্রী ফিরোজা আক্তার (২৩) এবং তাঁর বান্ধবী আফসানা আক্তার (৩০)। দুজনই শহরের হাজারী রোডের একটি ডায়াগনস্টিক সেন্টারের কর্মী। হামলায় তাঁদের হাতের গুরুতর ক্ষতি হয়েছে। বর্তমানে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দাম্পত্য কলহের কারণে ফিরোজা প্রায় পাঁচ মাস ধরে স্বামীর বাড়ি ছেড়ে আফসানার সঙ্গে ফেনী শহরের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। শুক্রবার রাতে সুজন ধারালো অস্ত্র নিয়ে ওই বাসায় গিয়ে পরকীয়ার অভিযোগ তুলে ফিরোজার ওপর হামলা চালান। এ সময় বাধা দিতে গেলে আফসানাকেও আঘাত করা হয়।
চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্তকে আটক করে ফেনী মডেল থানায় সোপর্দ করেন। আহত দুজনকে প্রথমে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।
আফসানার বোন আয়েশা আক্তার জানান, ছুটির দিন হওয়ায় সবাই বাসায় ছিলেন। হঠাৎ সুজন বাসায় ঢুকে হামলা চালালে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানান, ঘটনাস্থলের পাশের একটি ঝোপ থেকে হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, এ ঘটনায় আয়েশা আক্তার বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেছেন। অভিযুক্ত সুজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।






















