সূত্রাপুর থানার ওসিকে জামায়াতপন্থী দাবি করে ইসিতে অভিযোগ ইশরাকের
- আপডেট সময় : ০৩:১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯০ বার পড়া হয়েছে
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পক্ষপাতদুষ্ট ও জামায়াতপন্থী আচরণ করছেন—এমন অভিযোগ তুলে তাকে পরিবর্তনের দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত অভিযোগ করেছেন ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) তিনি নির্বাচন কমিশনে এ অভিযোগ জমা দেন।
অভিযোগ দাখিল শেষে গণমাধ্যমকে ইশরাক হোসেন বলেন, সূত্রাপুরের কাঠেরপুল এলাকায় কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জাম মজুদের তথ্য পাওয়া যায়। প্রতিষ্ঠানটি ঢাকা-৬ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মো. আব্দুল মান্নানের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করেন তিনি।
ইশরাক হোসেনের ভাষ্য অনুযায়ী, গত ৪ ফেব্রুয়ারি স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ওই ভোটকেন্দ্রে নকল ব্যালট পেপার সিল, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম মজুদ করা হয়েছে। বিষয়টি সূত্রাপুর থানার ওসিকে জানানো হলেও তাৎক্ষণিক কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। পরে ওসি নিজে ঘটনাস্থলে গিয়ে অস্ত্র জব্দ না করে সংশ্লিষ্টদের সতর্ক করেন এবং সরঞ্জামগুলো সরিয়ে নেওয়ার সুযোগ করে দেন বলে অভিযোগ করেন তিনি।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্সকে অবহিত করা হলে প্রায় চার ঘণ্টা পর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোটকেন্দ্রের বিভিন্ন কক্ষ তল্লাশি করে ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার করা হয় বলে জানান বিএনপির এই প্রার্থী। এছাড়া সেখানে আগ্নেয়াস্ত্র থাকার তথ্যও পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।
ইশরাক হোসেন বলেন, এসব ঘটনায় প্রমাণিত হয় যে, সূত্রাপুর থানার ওসি পক্ষপাতদুষ্ট ভূমিকা পালন করেছেন, যা সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি সৃষ্টি করছে। এ কারণে ওসি পরিবর্তনের পাশাপাশি সংশ্লিষ্ট ভোটকেন্দ্র পরিবর্তনের আবেদনও নির্বাচন কমিশনে করা হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশন অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি।




























