জামায়াতের আমির বলেছেন, প্রবাসী কর্মীরা মৃত্যুবরণ করলে তাদের পরিবারের দেখাশোনা ও দায়িত্ব সরকারকে নিতে হবে।
- আপডেট সময় : ০৫:০০:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮০ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কুলাউড়া নবীন চন্দ্র স্কুল মাঠে শনিবার (৭ ফেব্রুয়ারি) জেলা জামায়াত আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, বর্তমানে বিমানবন্দরটি লন্ডনের বাইরে কোনো রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করতে পারছে না। তিনি যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সরাসরি ফ্লাইট চালুরও প্রতিশ্রুতি দিয়েছেন।
জনসভায় ডা. শফিকুর রহমান আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভোটকে “বাংলাদেশ পরিবর্তনের ভোট” হিসেবে আখ্যায়িত করে বলেন, ভোটে ‘হ্যাঁ’ মানে স্বাধীনতা ও নতুন বাংলাদেশ, ‘না’ মানে পুরনো সীমাবদ্ধতা।
চা শ্রমিকদের কল্যাণের বিষয়েও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শ্রমিকদের স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নের ব্যবস্থা করা হবে এবং মেধাবী সন্তানদের জন্য রাষ্ট্র তাদের মেধা বিকাশে সহায়তা করবে। প্রবাসীদের মরদেহ দেশের খরচে আনার ব্যবস্থা করা হবে, যাতে পরিবারের ওপর আর্থিক চাপ না পড়ে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘আমরা একটি শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো সামাজিক, জাতিগত বা অর্থনৈতিক বৈষম্য থাকবে না।’
জনসভায় মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. সাহেদ আলী সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য শরিফ মাহমুদ।
জনসভায় স্থানীয় সংসদীয় প্রার্থীদের হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেওয়া হয়। উন্মুক্ত মাঠে প্রায় পাঁচ হাজার নারী উপস্থিত ছিলেন।




























