ভোটকেন্দ্র ও ভোটার তথ্য মিলবে ৪ উপায়ে: নির্বাচন কমিশন
- আপডেট সময় : ০৮:০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১২৯ বার পড়া হয়েছে
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের জন্য ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানার প্রক্রিয়া সহজ করতে চারটি পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব পদ্ধতির মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল অ্যাপ, হটলাইন, এসএমএস এবং ওয়েবসাইট—এই চারটি মাধ্যমে ভোটসংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
চারটি পদ্ধতি হলো—
১. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ:
ভোটাররা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। অ্যাপের ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিলে ভোটার নম্বর, ক্রমিক নম্বর এবং ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।
২. হটলাইন সেবা (১০৫):
ভোটাররা সরাসরি তথ্য জানতে ১০৫ নম্বরে কল করতে পারবেন। কলের পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এ সেবার জন্য এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত হটলাইন চালু থাকবে।
৩. এসএমএস সেবা:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ‘PC NID’ লিখে স্পেস দিয়ে এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানানো হবে।
৪. নির্বাচন কমিশনের ওয়েবসাইট:
ভোটাররা ecs.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করে তথ্য জানতে পারবেন। এখানে দুটি উপায়ে তথ্য পাওয়া যাবে—
এক, নির্বাচনী এলাকা বা উপজেলা/থানা নির্বাচন করে ভোটকেন্দ্রের তালিকা দেখা যাবে।
দুই, এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে সরাসরি ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। পাশাপাশি গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান, দূরত্ব ও যাতায়াতের পথ দেখার সুবিধাও রয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


























