ভালুকায় গলা কেটে গৃহবধূকে হত্যা
- আপডেট সময় : ০১:১৪:০১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকা উপজেলায় নিজ বসতঘর থেকে রাহিমা (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের গাংগাটিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাহিমা ওই এলাকার বিল্লাল (লেপ-তোশক ব্যবসায়ী) এর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় রাহিমা স্বামীর কাছ থেকে টাকা নিয়ে বাজার করে বাড়ি ফেরেন। রাত আনুমানিক ৮টার দিকে তিনি ছেলে রাহাত (৭) ও মেয়ে সুমাইয়া (১৫)-কে খাবার খাইয়ে পাশের কক্ষে ঘুম পাড়িয়ে দেন। স্বামী রাতে দেরিতে বাড়ি ফেরেন—এ কারণে তিনি ঘরের দরজা খোলা রেখেই নিজের কক্ষে শুয়ে পড়েন।
রাত আনুমানিক ১০টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে রাহিমাকে হত্যা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ সরানোর চেষ্টা করা হয়। এ সময় বারান্দায় রাখা একটি সেলাই মেশিনে ধাক্কা লাগলে শব্দ হয়। শব্দ শুনে মেয়ে সুমাইয়া বাইরে এসে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে।
মেয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘটনাস্থলে মরদেহ দেখতে পান এবং বিষয়টি নিহতের স্বামীকে ফোনে জানান। পরে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার বিস্তারিত জানা যাবে।






















