চীনে বায়োটেক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল ৮ জনের
- আপডেট সময় : ০২:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮৯ বার পড়া হয়েছে
চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশে একটি বায়োটেক কোম্পানিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, স্থানীয় সময় শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে প্রদেশটির শুয়োইয়াং শহরের শুয়াংয়ে এলাকায় এ বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনাটি ঘটে জিয়াপেং বায়োটেকনোলজি নামের একটি ছোট বায়োটেক প্রতিষ্ঠানে, যা একটি পাহাড়ি এলাকায় অবস্থিত। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে গাঢ় হলুদ ধোঁয়া উঠতে দেখা যায়।
সিনহুয়া আরও জানায়, বিস্ফোরণের ঘটনায় কোম্পানিটির আইনগত প্রতিনিধিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং তাদের কোনো নিজস্ব ওয়েবসাইটও নেই। বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায়নি।
জানা গেছে, জিয়াপেং বায়োটেকনোলজি ২০২৫ সালের জুন মাসে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি প্রাণিখাদ্য, কয়লাজাত পণ্য এবং নির্মাণসামগ্রী নিয়ে গবেষণার কাজ করে থাকে।



























