৫ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে নারীর আত্মহত্যা
- আপডেট সময় : ০৬:১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮৬ বার পড়া হয়েছে
রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি বাসার পাঁচতলা ছাদ থেকে পড়ে আমেনা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হাজারীবাগ গজমহল এলাকার ১২১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের ভাগিনা শান্ত হাসান জানান, গজমহল এলাকার ১২৭ নম্বর বাড়িতে তাদের নিজস্ব বাসা। সেখানে ভবনের তৃতীয় তলায় বসবাস করতেন আমেনা খাতুন। ঘটনার সময় সবার অগোচরে তিনি পাশের ১২১ নম্বর বাড়ির পাঁচতলা ছাদে উঠে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, আমেনা খাতুনের স্বামী লোকমান হোসেন অনেক আগেই মারা যান। তিন সন্তান নিয়ে তিনি ওই বাসায় থাকতেন। গত ছয় মাস ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা চলছিল।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র শীল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের কাছ থেকে জানা গেছে, তিনি মানসিক রোগে আক্রান্ত ছিলেন এবং আগেও একাধিকবার আত্মহানির চেষ্টা করেছিলেন।




























