সারাদেশ
সাভারে সেনাবাহিনীর অভিযানে ৩ অস্ত্রধারী গ্রেপ্তার
- আপডেট সময় : ১২:৫৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / ২২৩০ বার পড়া হয়েছে
সাভারের চাপাইন এলাকায় সেনাবাহিনীর অভিযানে তালিকাভুক্ত এক সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোররাত সাড়ে ৫টার দিকে বসিলা আর্মি ক্যাম্পের সদস্যরা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তাররা হলেন গালিব ইমতিয়াজ নাহিদ (৪২), রবিউল ইসলাম বাবু (৩১) ওরফে ‘মেশিন বাবু’ এবং মাসুদ রানা আলভী (২৪) ওরফে ‘শুটার মাসুদ’। তবে তাদের আরেক সহযোগী স্বপন শেখ (৩১) অভিযান শুরুর আগেই পালিয়ে যায়।
অভিযানকালে তাদের আস্তানা থেকে একটি চায়না তৈরি ৭.৬৫ মি.মি. পিস্তল, দুটি যুক্তরাষ্ট্রে তৈরি ৭.৬৫ মি.মি. পিস্তল, চারটি পিস্তলের ম্যাগাজিন, ৭.৬৫ মি.মি. পিস্তলের ১৫ রাউন্ড গুলি, ৬.৩৫ মি.মি. পিস্তলের ৫ রাউন্ড গুলি, ছয় রাউন্ড শর্টগান কার্তুজ, আটটি রামদা ও পাঁচটি সামুরাই জব্দ করা হয়।
সেনাবাহিনী জানায়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া অন্যান্য আসামিদের দেওয়া তথ্য যাচাই করে এই অভিযান পরিকল্পনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নাহিদ ও তার সহযোগীরা রাজধানীসহ আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আসন্ন নির্বাচন সামনে রেখে সন্ত্রাস ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

























