জামায়াত আমিরকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধান উপদেষ্টা
- আপডেট সময় : ০১:৪৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯২ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি জামায়াত আমিরের নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় ও ব্যাপক অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং নির্বাচনের ফলাফল শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার জন্য ধন্যবাদ জানান।
বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত ডা. শফিকুর রহমানের রাজনৈতিক শিষ্টাচার, সংযম ও দায়িত্বশীল বক্তব্য এবং কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে জামায়াতে ইসলামীর গঠনমূলক সমর্থন, পরামর্শ ও সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ড. ইউনূস বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত রূপান্তর, জলবায়ু পরিবর্তন, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে দেশের সামনে যেমন চ্যালেঞ্জ রয়েছে, তেমনি সম্ভাবনাও রয়েছে। এ পরিস্থিতিতে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করতে সরকার ও বিরোধী দল—উভয়ের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।
তিনি আশা প্রকাশ করেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে গঠনমূলক ভূমিকা পালন করবে। নীতিগত বিতর্ক, আইন প্রণয়নে পরামর্শ, জনগণের প্রত্যাশা তুলে ধরা এবং রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে একটি ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় দলটি ভূমিকা রাখবে।
শুভেচ্ছা বার্তার শেষাংশে প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ঐক্য সুসংহত করতে ডা. শফিকুর রহমান অতীতে যে ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন, ‘জাতীয় ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।’




























