জনগণকে কনভিন্স করাই আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান
- আপডেট সময় : ০৬:১৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮৬ বার পড়া হয়েছে
নির্বাচনী প্রচারের সময় জনগণের দ্বারে দ্বারে গিয়ে তাদের সমর্থন আদায় করাকেই বিএনপির ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খালেদ মুহিউদ্দিন জানতে চান, বিএনপি ২০৯টি এবং তাদের শরিকরা আরও ৩টি আসনে জয় পেয়ে সরকার গঠনের পথে রয়েছে—এত আসন পেতে কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে কি না।
জবাবে তারেক রহমান বলেন, জনগণকে নিজেদের পক্ষে আনা এবং তাদের আস্থা অর্জন করাই তাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং। তিনি বলেন, “আমরা জনগণের কাছে বারবার গিয়েছি, তাদের সঙ্গে কথা বলেছি। তাদের কনভিন্স করাই আমাদের সফলতার মূলমন্ত্র।”
সংবাদ সম্মেলনের শুরুতে তারেক রহমান ইংরেজিতে লিখিত বক্তব্য পাঠ করেন। পরে তিনি বাংলায় বক্তব্য দেন এবং দেশি-বিদেশি অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলনসহ সব দলকে অভিনন্দন জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবেন এবং আগামী কয়েক দিনের মধ্যেই তিনি বাংলাদেশকে নেতৃত্ব দিতে প্রস্তুত। তিনি আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমে দলটির ঐক্য এবং জনগণের সমর্থন প্রতিফলিত হয়েছে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, নির্বাচনে উদারপন্থী গণতন্ত্রের বিজয় হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।




























