নির্বাচনে অনেক ক্ষেত্রে কারচুপি হয়েছে’— জুবায়ের
- আপডেট সময় : ০৭:০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮৭ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে ৩০টি আসনে পুনরায় ভোট গণনা এবং বিজয়ীদের শপথ বন্ধ রাখার আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া এবং প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, নির্বাচনের বিভিন্ন আসনে কারচুপি ও জালিয়াতির ঘটনা ঘটেছে এবং অন্তত ৩০টি আসনে চরম অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের অবহিত করা হলেও অনেক ক্ষেত্রে ফলাফল ঘোষণায় অস্বাভাবিক বিলম্ব হয়েছে এবং কোথাও কোথাও পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ রয়েছে। এ বিষয়ে দল আইনি পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।
এহসানুল মাহবুব জুবায়ের আরও অভিযোগ করেন, নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে দলীয় সমর্থক, এজেন্ট এবং নারী কর্মীরাও হামলার শিকার হচ্ছেন। সহিংসতার ঘটনায় কয়েকটি স্থানে প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে দলের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, সংশ্লিষ্ট ৩০টি আসনে ৫ হাজার থেকে ১০ হাজার ভোটের ব্যবধানে ফলাফল ঘোষণা করা হয়েছে এবং এরই মধ্যে গেজেটও প্রকাশিত হয়েছে। তবে এসব আসনের ফলাফল স্থগিত রেখে পুনরায় ভোট গণনা এবং নির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণ স্থগিত করার জন্য আবেদন করা হয়েছে বলে তিনি জানান।




























