নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়েছে: রাশিয়ার সিইসি
- আপডেট সময় : ১১:৩৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮২ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর ছিল বলে জানিয়েছে রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি)।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ ও ১২ ফেব্রুয়ারি রাশিয়ার সিইসির কমিশনার পাভেল আন্দ্রেয়েভের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে। সফরকালে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আন্তর্জাতিক পর্যবেক্ষণ কর্মসূচিতে অংশ নেন।
পর্যবেক্ষক দল ঢাকা ও নারায়ণগঞ্জের আটটি ভোটকেন্দ্রের ৪০টির বেশি ভোটকক্ষ পরিদর্শন করে। ভোটগ্রহণ শুরু থেকে ভোট গণনার প্রস্তুতি পর্যন্ত পুরো প্রক্রিয়া তারা পর্যবেক্ষণ করেন।
পর্যবেক্ষকদের মতে, ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে। অনেক ভোটার জানান, ২০২৪ সালের জুলাইয়ে সরকারের পতনের পর এটি তাদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন। কেউ কেউ সন্তানদের সঙ্গে নিয়ে ভোট দিতে কেন্দ্রে আসেন। রাজনৈতিক প্রতিযোগিতা ব্যালটের মাধ্যমেই সীমাবদ্ধ ছিল বলেও তারা উল্লেখ করেন।
রাশিয়ান পর্যবেক্ষকরা জানান, যৌথ ভোটগ্রহণ প্রক্রিয়া পরিচালনায় নির্বাচন কর্মকর্তাদের প্রস্তুতি ছিল সুসংগঠিত। প্রতিটি কেন্দ্রে জাতীয় আইন ও নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তারা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং সার্বিক পরিবেশ ছিল বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ। ভোটগ্রহণ কর্মকর্তা ও দলীয় পোলিং এজেন্টদের উপস্থিতি স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক হয়েছে বলে তারা মন্তব্য করেন।
তারা আরও জানান, নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। প্রায় ৯ লাখ পুলিশ ও সেনা সদস্য মোতায়েন ছিল। আয়োজকরা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সক্ষম হয়েছেন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও তা সামগ্রিক পরিস্থিতিকে প্রভাবিত করেনি।
এদিকে, বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার সিইসির প্রতিনিধি দলের প্রধান পাভেল আন্দ্রেয়েভ। বৈঠকে নির্বাচনী মানদণ্ড ও প্রযুক্তি নিয়ে আলোচনা হয়। এ সময় তিনি রাশিয়ার সিইসি চেয়ারম্যান এলা পামফিলোভার পক্ষ থেকে আসন্ন স্টেট ডুমা নির্বাচনের আন্তর্জাতিক পর্যবেক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বাংলাদেশি প্রতিনিধিদের আমন্ত্রণ জানান।


























