বগুড়ায় গলাকাটা অবস্থায় পরিবহন ব্যবসায়ীর লাশ উদ্ধার
- আপডেট সময় : ১২:২৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮৪ বার পড়া হয়েছে
বগুড়ার গাবতলী উপজেলায় সাইফুল ইসলাম (৫০) নামে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সন্ধ্যাবাড়ী গ্রামে নিজ বাড়ির সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ নিয়ে বগুড়ায় গত তিন দিনে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।
নিহতের স্বজনরা জানান, সাইফুল ইসলাম বগুড়া শহরের সাবগ্রাম এলাকায় ট্রাকের ব্যবসা করতেন। শনিবার রাত ৮টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে তার সর্বশেষ মোবাইল ফোনে কথা হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে গাবতলীর একটি ফিলিং স্টেশনে ট্রাক রেখে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। তিনি প্রায়ই গভীর রাতে বাসায় ফিরতেন, তাই বিষয়টি নিয়ে পরিবারের কারও সন্দেহ হয়নি। রোববার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা তার মরদেহ দেখতে পান। স্বজনদের ধারণা, আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, নিহতের পকেট থেকে নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ছিনতাইয়ের ঘটনা নয়; বরং পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে।






















