মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিলের বিষয়ে মুখ খুললেন প্রেস সচিব
- আপডেট সময় : ১২:৩৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯২ বার পড়া হয়েছে
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার প্রেক্ষিতে বিষয়টি স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে ব্যাখ্যা দেন।
শফিকুল আলম জানান, ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল নিয়ে বিভিন্ন মাধ্যমে অপতথ্য ও অনুমাননির্ভর বক্তব্য প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে, ব্যক্তিগত কারণে তিনি নির্বাচনের কয়েক দিন আগেই প্রধান উপদেষ্টার কাছে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন। তবে নির্বাচন ঘনিয়ে আসায় মাঠ প্রশাসনের শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে প্রধান উপদেষ্টার অনুরোধে তিনি নির্বাচনকাল পর্যন্ত দায়িত্ব পালন করতে সম্মত হন।
এ বিষয়ে অহেতুক অনুমাননির্ভর তথ্য বা বিভ্রান্তিকর বক্তব্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান প্রেস সচিব।
এর আগে, শেখ আব্দুর রশীদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। একইসঙ্গে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।


























