ভোট জালিয়াতি ও ফলাফলে কারচুপির অভিযোগে আইনি লড়াই করবে জামায়াত জোট
- আপডেট সময় : ০৩:৪৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১৪৩ বার পড়া হয়েছে
শপথ গ্রহণ করে সংসদে প্রবেশ করবে এগারো দলীয় জোট। একই সঙ্গে, জামায়াত জোট ৩২টি আসনে ভোট জালিয়াতি ও ফলাফলে কারচুপির অভিযোগ নিয়ে আইনি লড়াই শুরু করবে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবিতে নির্বাচন কমিশনের সঙ্গে ১১ দলীয় জোটের নেতাদের বৈঠক হয়। বৈঠকের পর জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে ভোট জালিয়াতি, ভোট প্রদান বাধা, এজেন্টদের কেন্দ্র থেকে বের করা, ফলাফল শিটে ঘষামাজা ও ওভাররাইটিংসহ অনিয়মের ঘটনা ঘটেছে।
তিনি জানান, এসব অনিয়মের কথা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের জানানো হয়েছে। কিছু কেন্দ্রে ফল প্রকাশে অস্বাভাবিক দেরি হয়েছে, আবার কিছু কেন্দ্রে ‘বিদ্যুৎগতিতে’ ফল ঘোষণা করা হয়েছে। এতে পক্ষপাতদুষ্ট আচরণের আশঙ্কা দেখা দিয়েছে।
হামিদুর রহমান আযাদ বলেন, “যেসব আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে, সেখানে পুনঃগণনার আবেদন করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য সব আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”
তিনি আরও জানান, এ অভিযোগ ও অনিয়মের প্রতিবাদে ১৬ ফেব্রুয়ারি বায়তুল মোকাররমের উত্তর গেটে বিকেল সাড়ে চারটায় বিক্ষোভ মিছিল হবে।




























