নতুন সরকারের শপথ অনুষ্ঠানের জন্য চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ
- আপডেট সময় : ০৩:৪৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১২৬ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রথমবারের মতো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে নতুন সরকারের শপথ অনুষ্ঠান। অনুষ্ঠানকে ঘিরে নিয়োজিত রয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির ১৫ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়াও স্ট্যান্ডবাই থাকবে বিশেষায়িত ইউনিট যেমন সোয়াট, বোম্ব ডিস্পোজাল এবং কেনাইন। সংসদ প্রাঙ্গণে ইতোমধ্যে বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সুইপিং সম্পন্ন করেছে। গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোশাকে অবস্থান করছেন গোয়েন্দারা।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, মন্ত্রিপরিষদ সদস্যদের বাসা থেকে সংসদ দক্ষিণ প্লাজার উদ্দেশে রওনা দেওয়ার সময় থেকেই নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে। প্রোটোকলের জন্য প্রস্তুত রাখা হয়েছে অর্ধশত গাড়ি।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস.এন. মো. নজরুল ইসলাম বলেন, “আনা-নেয়া থেকে শুরু করে রুট কেন্দ্রিক এবং সংসদ ভবনের চারপাশে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নিরাপত্তা সংক্রান্ত কোনো থ্রেটের আশঙ্কা করছি না। আশা করি অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হবে।”
শপথ অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে হবে মণিপুরী পাড়া ও আসাদ গেট সংলগ্ন পথ দিয়ে। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউ ও লেকরোডে যান চলাচল বন্ধ থাকবে।


























