বাতিল ভোট মির্জা আব্বাসের হিসাবে যোগ হয়নি: আফরোজা আব্বাস
- আপডেট সময় : ০৭:৪৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮৭ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ভোটগ্রহণে প্রিসাইডিং অফিসারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী ও প্রধান নির্বাচনী এজেন্ট আফরোজা আব্বাস।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনে বিজয়ী মির্জা আব্বাসের পক্ষ থেকে কোনো ধরনের অনিয়ম করা হয়নি। প্রধান এজেন্ট হিসেবে সব কেন্দ্রে তার প্রবেশাধিকার ছিল, তবে তিনি কোনো কেন্দ্রেই নিয়মবহির্ভূতভাবে গিয়ে প্রভাব বিস্তার করেননি।
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও প্রিসাইডিং অফিসাররা ফাঁকা জায়গায় পড়া ভোট ধানের শীষ প্রতীকে যোগ করেননি। তার দাবি, এসব ভোট যোগ করা হলে মির্জা আব্বাসের ভোটের ব্যবধান আরও বাড়ত।
বাতিল ভোট প্রসঙ্গে আফরোজা আব্বাস বলেন, ফাঁকা জায়গায় পড়া ভোট ধানের শীষে যুক্ত করার জন্য আবেদন করা হয়েছিল, তবে তা কার্যকর হয়নি। এতে তাদের প্রার্থীর ঝুলিতে আরও কয়েক হাজার ভোট যোগ হওয়ার সম্ভাবনা ছিল।
অন্যদিকে, ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী ৫৪ হাজার ১২৭ ভোট পেয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পরাজিত হন। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ৫ হাজার ২০৯।
ফলাফল প্রত্যাখ্যান করে নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন কমিশনে ভোট পুনঃগণনার আবেদন করেছেন। আবেদনে তিনি অভিযোগ করেন, অনিয়ম, কারচুপি ও বেআইনি প্রভাব বিস্তারের মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে। তিনি এ বিষয়ে তদন্ত, দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট আসনের ভোট পুনঃগণনার দাবি জানান। একই সঙ্গে বাতিল ঘোষিত ভোট পুনর্বিবেচনা করে নতুন করে ফল প্রকাশের আহ্বান জানান তিনি।




























