শেরপুরে জামায়াতের হাজারো নেতাকর্মীর নামে মামলা
- আপডেট সময় : ০৪:০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯২ বার পড়া হয়েছে
শেরপুরের ঝিনাইগাতী আমলি আদালতে জামায়াতের নেতা-কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ঝিনাইগাতী উপজেলায় গত ২৮ জানুয়ারি উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে চেয়ার নিয়ে বিরোধের জেরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ঝিনাইগাতী উপজেলার শালচুড়া গ্রামের আমজাদ এবং ভারুয়া গ্রামের হাসিবুল হাসান শান্ত বাদী হয়ে গত ১০ ফেব্রুয়ারি ঝিনাইগাতী সিআর আমলি আদালতে সিআর-৬১ ও সিআর-৬২ নম্বরে পৃথক দুটি মামলা দায়ের করেন।
মামলায় শ্রীবরদী উপজেলার পশ্চিম তাতীহাটি এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে আজহারুল ইসলাম মিস্টার (৫০)-কে প্রধান আসামি করা হয়েছে। দুটি মামলায় মোট ২৪৪ জনকে নাম উল্লেখ করে এবং আরও ৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এর আগে জামায়াত নেতা রেজাউল করিম হত্যা মামলায় নিহতের স্ত্রী মারজিয়া বেগম বাদী হয়ে সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের শ্রীবরদী ও ঝিনাইগাতীর ২৩১ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আরও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। তবে বিএনপির প্রার্থী ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলসহ অধিকাংশ আসামি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, গত ১৬ ফেব্রুয়ারি আদালত থেকে থানাকে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, শেরপুর-৩ আসনের জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুরুজ্জামান বাদল গত ৪ ফেব্রুয়ারি মারা গেলে এ আসনের নির্বাচন স্থগিত করা হয়।






















