নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবস আজ, সচিবালয়ে উৎসবমুখর পরিবেশ
- আপডেট সময় : ১১:৫২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার সদস্যরা বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথম কর্মদিবসে বাংলাদেশ সচিবালয়ে দায়িত্ব পালন শুরু করবেন।
নতুন সরকারকে বরণ করতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। সকাল থেকেই সেখানে কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।
সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের স্বাগত জানাতে কর্মকর্তা-কর্মচারীরা শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছেন। একদিকে উৎসবমুখর পরিবেশ, অন্যদিকে নতুন দায়িত্ব পালনের প্রস্তুতিও দেখা যাচ্ছে।
সকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা দুপুরের দিকে সচিবালয়ে আসবেন। বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ বৈঠকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিব এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত থাকবেন। এ সময় তাদের মধ্যে গুরুত্বপূর্ণ মতবিনিময়ও হবে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মন্ত্রিপরিষদ ভবনসহ সংশ্লিষ্ট বিভাগগুলো সাজানো হয়েছে নতুনভাবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকেই পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা তল্লাশি ও নিরাপত্তা দায়িত্ব পালন করছেন।


























