শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রশ্নফাঁস রোধ এবং বেসরকারি শিক্ষকদের বেতন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।
- আপডেট সময় : ০৩:৩০:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮৭ বার পড়া হয়েছে
নতুন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন বেসরকারি শিক্ষকদের কম বেতন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন, সরকার বিষয়টি সম্পর্কে সচেতন এবং সময়মতো সিদ্ধান্ত জানানো হবে। তিনি বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষাপ্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।
মন্ত্রী আরও বলেন, প্রশ্নফাঁস ও নকল শিক্ষায় আর ফিরে আসবে না। অতীতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল, এবারও কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গণে শৃঙ্খলা বজায় রাখা হবে।
শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বিশ্বমানের করতে সরকারের সমন্বিত সংস্কার উদ্যোগ গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে কারিকুলাম পর্যালোচনা, ডিজিটাল লিটারেসি ও ইংরেজি দক্ষতায় গুরুত্বারোপ। এছাড়া চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা অনুযায়ী ন্যানোটেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স শিক্ষায় অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘ব্যাকডেটেড’ শিক্ষা ব্যবস্থা দিয়ে এগোনো সম্ভব নয়। বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ, তাই আন্তর্জাতিক মান অনুযায়ী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা জরুরি। এর জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর, প্রযুক্তিনির্ভর দক্ষতা ও আধুনিক জ্ঞানভিত্তিক কারিকুলাম প্রণয়নে কাজ করা হবে।
মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অতীতের বিষয় নিয়ে জবাবদিহি দেয়া হবে না। তবে তার সময়ে কোনো দুর্নীতি হয়নি এবং ভবিষ্যতেও হবে না। এমপিওভুক্তি ও শিক্ষা প্রতিষ্ঠান ভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় তথ্য পরবর্তী সময়ে জানানো হবে।


























