শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না: শিক্ষা মন্ত্রণালয়
- আপডেট সময় : ০৪:২৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১২৩ বার পড়া হয়েছে
শিক্ষা মন্ত্রণালয় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহিতা জোরদারের লক্ষ্যে নতুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশ করেছে। নীতিমালায় বলা হয়েছে, কোনো শিক্ষার্থীকে পুনঃভর্তি ফি আদায় করা যাবে না।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই নীতিমালা জারি করেছে।
নীতিমালায় আরও নির্দেশনা দেওয়া হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক স্তর) ‘টিউশন ফি নীতিমালা ২০২৪’ অনুযায়ী নির্ধারিত ফি গ্রহণ করবে; নতুন কোনো খাতের মাধ্যমে অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না।
শিক্ষাপ্রতিষ্ঠানের সব আয়-ব্যয় সরকারি আর্থিক বিধি-বিধান অনুসারে পরিচালনা করতে হবে। হিসাব সংরক্ষণ এবং তহবিল ব্যবস্থাপনায় প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা কমিটির সভাপতি যৌথভাবে দায়ী থাকবেন। কোনো আর্থিক অনিয়ম বা দুর্নীতি ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আয় ব্যবস্থাপনার ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব খুলতে হলে সরকারি ব্যাংককে অগ্রাধিকার দিতে হবে। শিক্ষার্থীর ফি, দান-অনুদান ও অন্যান্য আয়ের অর্থ নির্ধারিত ব্যাংক হিসাব বা সোনালী পেমেন্ট গেটওয়ে (SPG) ও সরকারি ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে গ্রহণ করতে হবে। জরুরি প্রয়োজন বা প্রাকৃতিক দুর্যোগে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে নগদ অর্থ গ্রহণ করা যাবে, যা দুই কর্মদিবসের মধ্যে ব্যাংকে জমা দিতে হবে।
নীতিমালা অনুযায়ী, আয়-ব্যয়ের কোনো সংযোজন, বিয়োজন বা পরিবর্তনের জন্য অনুমোদন নিতে হবে এবং শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত খাতে অর্থ যথাযথ প্রক্রিয়ায় জমা দিতে হবে।


























