চাঁদাবাজি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতের শিকার যুবদল নেতা
- আপডেট সময় : ০১:০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১০১ বার পড়া হয়েছে
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক যুবদল নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার চাচাতো ভাইও আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং তদন্ত চলছে।
আহতরা হলেন— মো. উমর ফারুক ভূঁইয়া ও তার চাচাতো ভাই তাইফুল হক। উমর ফারুক আদর্শ সদর উপজেলার দক্ষিণ কালিবাজার এলাকার বাসিন্দা ও আব্দুল মালেক ভূঁইয়ার ছেলে। তাইফুল হক শামসুল হক ভূঁইয়ার ছেলে।
লিখিত অভিযোগে বলা হয়েছে, কালির বাজার এলাকার সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে মাসুম নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিলেন। এ কাজে বাধা দেন যুবদল নেতা উমর ফারুক ভূঁইয়া। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাসুমের নেতৃত্বে একদল লোক উমর ফারুকের বাড়ির সামনে গিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় উমর ফারুককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত তাইফুল হক অভিযোগ করেন, মাগরিবের পর তারা বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে করে আসা হামলাকারীরা উমর ফারুকের ওপর হামলা চালায়। তিনি বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়।
উমর ফারুক ভূঁইয়া অভিযোগ করেন, সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজিতে বাধা দেওয়ার জেরে তার ওপর হামলা চালানো হয়েছে। তাকে রক্ষা করতে গেলে তার চাচাতো ভাইও হামলার শিকার হন।
অভিযোগে বল্লবপুর এলাকার মাসুদ আল হাসান মাসুমসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে অভিযুক্ত মাসুমের বক্তব্য পাওয়া যায়নি।
ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে। প্রাথমিকভাবে দুই পক্ষের মধ্যে বিরোধের বিষয়টি জানা গেছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।”






















