হরমুজ প্রণালিতে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
- আপডেট সময় : ১১:৩৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১১৩ বার পড়া হয়েছে
পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ‘সায়াদ–৩জি’ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের নৌ সংস্করণের পরীক্ষা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নৌবাহিনী।
পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে অনুষ্ঠিত ‘স্মার্ট কন্ট্রোল’ নামের সামরিক মহড়ায় প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি নৌবাহিনী শহীদ সায়াদ শিরাজি নামের যুদ্ধজাহাজ থেকে সায়াদ–৩জি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নৌ সংস্করণ উৎক্ষেপণের একটি ভিডিও প্রকাশ করেছে।
উল্লম্বভাবে উৎক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ১৫০ কিলোমিটার (৯৩ মাইল)। ইরানি কর্মকর্তাদের দাবি, এটি শহীদ সোলেইমানি শ্রেণির যুদ্ধজাহাজের জন্য আঞ্চলিক পর্যায়ে কার্যকর আকাশ প্রতিরক্ষা সুরক্ষা দিতে সক্ষম।
এর আগে ২০১৬ সালের ২৮ ডিসেম্বর ইরান প্রথমবারের মতো ভূমিভিত্তিক দূরপাল্লার সায়াদ–৩ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। ওই সংস্করণের পাল্লা ছিল ১২০ কিলোমিটার, দৈর্ঘ্য ৬ মিটার এবং ওজন প্রায় ৯০০ কেজি।
হরমুজ প্রণালিতে ১৬ ফেব্রুয়ারি শুরু হওয়া তিন দিনব্যাপী ‘স্মার্ট কন্ট্রোল’ মহড়া ইতোমধ্যে শেষ হয়েছে।
এদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের কাছাকাছি সামরিক উপস্থিতি জোরদার করছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে সীমিত সামরিক হামলার বিষয়টিও বিবেচনায় রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের অভিযোগ, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে। তবে তেহরান শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
এই পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আন্তর্জাতিক চাপের মুখেও ইরান নতি স্বীকার করবে না। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, বিশ্বশক্তিগুলো ইরানের ওপর চাপ সৃষ্টি করতে একত্রিত হয়েছে। কিন্তু তারা যত বাধাই সৃষ্টি করুক, ইরান মাথা নত করবে না।



























