এমপি আখতারের সফরকে কেন্দ্র করে হারাগাছে বিএনপির বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
- আপডেট সময় : ১২:০২:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮২ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী পরাজয়ের পর চার দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে হারাগাছ, পীরগাছা ও কাউনিয়া উপজেলা বিএনপি। নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের হারাগাছ সফর ঘিরে শুরুতে হরতালের ঘোষণা দিলেও পরে তা থেকে সরে এসে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) হারাগাছ পৌর বিএনপি এ বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
এদিন দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকায় স্থানীয় লোকজনের সঙ্গে কুশলবিনিময়, শহীদ লাভলুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং হারাগাছ থানা পরিদর্শনের কথা রয়েছে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেনের।
সংসদ সদস্য আখতার হোসেন এক ফেসবুক পোস্টে লিখেছেন, হারাগাছে তার আগমনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায় বিএনপি ও সংশ্লিষ্ট নেতাদের নিতে হবে। তিনি আরও বলেন, নিপীড়িত শ্রমিকদের পক্ষে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।
অন্য এক পোস্টে তিনি উল্লেখ করেন, বিএনপি সরকার গঠনের পর বিরোধী দলের একজন সংসদ সদস্যের বিরুদ্ধে প্রথমবারের মতো হরতাল ডাকা হয়েছে। তার অভিযোগ, হারাগাছে তার বিরুদ্ধে পৌর বিএনপি হরতালের ডাক দিয়েছিল।
এদিকে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, সংসদ সদস্যের সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে।
অভিযোগের বিষয়ে জানতে কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি ও রংপুর-৪ আসনের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।




























