রান্নাঘরে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৯ জনের অবস্থা সংকটাপন্ন
- আপডেট সময় : ১২:০১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮৯ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহর এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে ছয়তলা একটি ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হলে ঘরে থাকা নারী ও শিশুসহ কয়েকজন আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
দগ্ধদের মধ্যে রানী ও পাখি নামে দুই নারী এবং সাখাওয়াত নামে এক পুরুষের দগ্ধের পরিমাণ সবচেয়ে বেশি। এছাড়া একজনের ৮০ শতাংশ, একজনের ৪৫ শতাংশ এবং অন্যদের ২০ থেকে ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. মো. আসফাকুল আসিফ জানান, দগ্ধদের সবার শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।






















