পাকিস্তানের হামলায় আফগানিস্তানে ৮০ জন নিহত
- আপডেট সময় : ১২:১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১০৮ বার পড়া হয়েছে
সাম্প্রতিক ইসলামাবাদের শিয়া মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় আফগানিস্তানের দুটি প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ অন্তত ৮০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরের আগে আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে জানা যায়, আফগানিস্তানের পাকতিকা ও নানগারহার প্রদেশে এই বিমান হামলা চালানো হয়েছে।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও তাদের সহযোগী গোষ্ঠীর সাতটি ঘাঁটি ও আস্তানায় হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এ অভিযানে এফ-১৬ এবং জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান ব্যবহার করা হয়।
ইসলামাবাদের শিয়া মসজিদে আত্মঘাতী হামলাসহ সাম্প্রতিক কয়েকটি হামলার জন্য টিটিপিকে দায়ী করে পাকিস্তান এই অভিযান চালিয়েছে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে আইএস সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর ক্যাম্পেও হামলার কথা জানিয়েছে ইসলামাবাদ।
এদিকে সীমান্তে এই হামলার পর আফগানিস্তানের তালেবান সরকারের শীর্ষ কর্মকর্তারা জরুরি বৈঠক করেছেন। সেখানে পাকিস্তানের হামলার জবাবে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। প্রতিশোধমূলক কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তালেবান নেতৃত্ব নেবে বলে জানা গেছে।
আফগান সরকারের অভিযোগ, পাকিস্তানের এই হামলা বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। বিষয়টি সৌদি আরব, কাতার ও তুরস্কসহ সংশ্লিষ্ট মধ্যস্থতাকারী দেশগুলোকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছে তারা।



























