বিডিআর বিদ্রোহের ন্যায়বিচারে হচ্ছে স্বাধীন তদন্ত কমিশন: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৫:১২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১০৩ বার পড়া হয়েছে
পিলখানা বিডিআর বিদ্রোহের ঘটনায় প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত করতে নতুন ও শক্তিশালী তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই কলঙ্কজনক ঘটনার পূর্ণাঙ্গ পুনঃতদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিডিআর বিদ্রোহ নিয়ে আগের স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের বিষয়ে সরকার নতুন করে তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, “আমাদের ইশতেহারেও এই ঘটনার পুনঃতদন্তের প্রতিশ্রুতি রয়েছে। আমরা কমিশন গঠন করে তাদের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”
তিনি আরও বলেন, “ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় বিস্তারিত কাজ করার সুযোগ রয়েছে।”
স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, গত ১৫ বছরে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোকে পুনর্গঠন করে কার্যকর করার উদ্যোগ নেয়া হয়েছে। বিডিআর বিদ্রোহের স্বচ্ছ তদন্তের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ এবং আইনের শাসন প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য।
এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে আর কোনো ‘মব কালচার’ বা গণপিটুনি সহ্য করা হবে না। দাবি আদায়ের নামে সড়ক বা মহাসড়ক অবরোধও বরদাশত করা হবে না। এখন থেকে সব দাবি আইনানুগ পন্থায় উপস্থাপন করতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ প্রশাসন প্রসঙ্গে মন্ত্রী বলেন, পুলিশের চেইন অব কমান্ড পুনর্বহাল করা হচ্ছে। ওসি ও এসপি পদে লটারির মাধ্যমে নিয়োগের বিতর্কিত পদ্ধতি বাতিল করা হয়েছে। এখন থেকে প্রার্থীর দক্ষতা, যোগ্যতা ও সার্ভিস রেকর্ডের ভিত্তিতে পদায়ন করা হবে।
তিনি বলেন, “লটারির মাধ্যমে নিয়োগ স্বচ্ছ ছিল না। এখন থেকে যোগ্যতার ভিত্তিতেই পদায়ন নিশ্চিত করা হবে।” পাশাপাশি জেলা পুলিশ সুপারদের রাজনৈতিক প্রটোকল না দিয়ে শুধুমাত্র বিধিবদ্ধ প্রটোকল অনুসরণের নির্দেশনা দেয়া হয়েছে।


























