যেখানে মেয়াদ শেষ, সেখানে আগে সিটি নির্বাচন : মির্জা ফখরুল
- আপডেট সময় : ১১:৩৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯৭ বার পড়া হয়েছে
যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান সচল করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেসব সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে, সেসব জায়গায় অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে মন্ত্রী জানান, সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না, সে বিষয়ে আগামী ১২ মার্চ অনুষ্ঠিতব্য প্রথম সংসদ অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া প্রশাসকরা আমলাদের তুলনায় আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবেন।
মন্ত্রী জানান, যেসব সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে, সেসব সিটিতে আগে নির্বাচন আয়োজন করা হবে। সে অনুযায়ী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন প্রথমে অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করা হবে।


























